ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গোপীনাথপুর ইউনিয়ন উত্তরা ব্যাংক শাখার প্রিন্সিপাল অফিসার মো. আরিফুল ইসলাম (৪৫) হত্যা মামলার প্রধান আসামি মোহাম্মদ আলী ওরফে আলী মিয়া (৪৮) কে গ্রেপ্তার করেছে কসবা থানা পুলিশ।
প্রেস বিজ্ঞপ্তিতে পুলিশ জানায়, বুধবার (২২ জুলাই) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজধানীর চিটাগাং রোড এলাকায় অভিযান চালিয়ে প্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়। বৃহস্পতিবার সকালে কসবা থানায় আনার পর আইনগত প্রক্রিয়া শেষে দুপুরে জেলা আদালতে পাঠানো হয়েছে।
হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে তাকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে রিমান্ড আবেদন করা হয়েছে বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) হারুনুর রশীদ।
উল্লেখ্য লেনদেনজনিত বিরোধের জেরে গত ৬ জুলাই সন্ধ্যায় কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে গ্রিন হেলথ হাসপাতালের সামনে মো. আরিফুল ইসলামের ওপর ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি হামলা চালায় অভিযুক্ত আলী মিয়া। এতে তিনি গুরুতর আহত হন। স্থানীয় লোকজন ও সহকর্মীরা তাকে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় ৭ জুলাই বিকেলে তিনি মারা যান।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই হারুনুর রশীদ জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে পরবর্তী আইনগত কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।