1. admin@janapadnews24.com : নিজস্ব প্রতিবেদক :

আজ গোলাম সারোয়ার সাঈদী পীর সাহেবের ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • ৭৫ বার এই সংবাদটি পড়া হয়েছে
১০৫

অধ্যাপক শেখ মো: কামাল উদ্দিন।।

বাংলাদেশের ইসলামী শিক্ষা, আধ্যাত্মিকতা ও দাওয়াতি অঙ্গনে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার ঐতিহ্যবাহী আড়াইবাড়ী দরবার শরীফ একটি সুপরিচিত নাম। এই দরবারের প্রতিষ্ঠাতা প্রখ্যাত আলিমে দ্বীন আল্লামা মাওলানা আবু সাঈদ আসগর আহমাদ আল-ক্বাদেরী (রহ.) যে দ্বীনি শিক্ষার ও আধ্যাত্মিকতার বীজ বপন করেছিলেন, পরবর্তীতে তাঁর সুযোগ্য সন্তান হযরত মাওলানা শাহ মুহাম্মদ গোলাম হাক্কানী (রহ.) তা বিশাল মহীরুহে রূপান্তরিত করেন। এই মহান বংশধারা ও আধ্যাত্মিক ঐতিহ্যের অন্যতম শ্রেষ্ঠ ও যোগ্য উত্তরসূরি ছিলেন আল্লামা অধ্যক্ষ গোলাম সারোয়ার সাঈদী (রহ.)।ব

র্ণাঢ্য শিক্ষাজীবন ও কর্মময় অধ্যায়

আল্লামা গোলাম সারোয়ার সাঈদী (রহ.) পারিবারিক পরিমণ্ডলে প্রাথমিক দ্বীনি শিক্ষা লাভের পর দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে উচ্চতর ডিগ্রি অর্জন করেন। দ্বীনি ও আধুনিক শিক্ষার অপূর্ব সমন্বয় ঘটেছিল তাঁর জীবনে। কর্মজীবনে তিনি আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার অধ্যক্ষ হিসেবে অত্যন্ত নিষ্ঠা ও দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। ২০০৪ সালে তাঁর ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিষ্ঠানটি কামিল (স্নাতকোত্তর) মানে উন্নীত হয়। একজন আদর্শ শিক্ষাবিদ হিসেবে তিনি মাদরাসার অবকাঠামোগত উন্নয়ন, সমৃদ্ধ পাঠাগার প্রতিষ্ঠা এবং শিক্ষার মানোন্নয়নে যুগান্তকারী ভূমিকা রাখেন। এছাড়াও তিনি আন্তর্জাতিক বিভিন্ন ইসলামী সেমিনার ও সংস্থায় গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে দেশের ভাবমূর্তি উজ্জ্বল করেছেন।

শোকবার্তা

আজ ২১ নভেম্বর, আড়াইবাড়ী দরবার শরীফের পীর, আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ এবং আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন ইসলামী চিন্তাবিদ হযরত মাওলানা গোলাম সারোয়ার সাঈদী (রহ.)-এর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী। এই শোকাবহ দিনে আমি গভীর শ্রদ্ধা ও বেদনার সাথে আমার প্রাণপ্রিয় সহকর্মী ও অভিভাবকতুল্য এই মহান আলেমে দ্বীনকে স্মরণ করছি।

আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসায় দীর্ঘ সময় তাঁর সাথে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার সৌভাগ্য আমার হয়েছিল। একজন অধ্যক্ষ হিসেবে তিনি যেমন ছিলেন অত্যন্ত বিচক্ষণ ও দূরদর্শী, তেমনি একজন সহকর্মী হিসেবে ছিলেন অমায়িক, নিরহংকার ও স্নেহশীল। মাদরাসার শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের নৈতিক চরিত্র গঠন এবং প্রতিষ্ঠানটিকে একটি আদর্শ দ্বীনি বিদ্যাপীঠে রূপান্তর করতে তাঁর অক্লান্ত পরিশ্রম ও ত্যাগ আমি খুব কাছ থেকে দেখেছি। তাঁর প্রতিটি পরামর্শ ও দিকনির্দেশনা আমাদের কর্মজীবনের পাথেয় হয়ে আছে। তাঁর ইন্তিকালের পর মাদরাসার উপাধ্যক্ষ হযরত মাওলানা ড. সায়ীদ মুহাম্মাদ ফারুক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করছেন। পরবর্তীতে জ্যৈষ্ঠ সহকারী অধ্যাপক হিসেবে শেখ মো: কামাল উদ্দিন এর উপর ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব অর্পিত হয়। বর্তমানে অধ্যক্ষ পদে নিয়োজিত হয়ে মাদরাসাটি সুচারুভাবে পরিচালনা করছেন; হযরত মাওলানা মুফতি মো: আমিনুল ইসলাম।

তাঁর আকস্মিক বিদায়ে দেশ ও জাতি একজন প্রাজ্ঞ আলেম ও তরুণ প্রজন্মের রাহবারকে হারিয়েছে, আর আমি হারিয়েছি আমার একান্ত আপনজন ও শ্রেষ্ঠ শুভাকাঙ্ক্ষীকে। তাঁর শূন্যতা কখনোই পূরণ হওয়ার নয়। তবে এটি অত্যন্ত আনন্দের ও স্বস্তির বিষয় যে, তাঁর সুযোগ্য ভ্রাতা এবং বর্তমান গদ্দিনেশিন পীর মাওলানা মোহাম্মদ গোলাম খাবীর সাঈদী সাহেব অত্যন্ত দক্ষতার সাথে দরবার ও প্রতিষ্ঠানের হাল ধরে রেখেছেন এবং পূর্বসূরিদের ঐতিহ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

৬ষ্ঠ মৃত্যুবার্ষিকীতে মরহুমের বড় ভাই আড়াইবাড়ী ইসলামিয়া সাঈদীয়া কামিল মাদরাসার সাবেক উপাধ্যক্ষ হযরত মাওলানা এ বি এম গোলাম কিবরিয়া সাঈদী, মেঝো ভাই মুহতারাম আলহাজ্ব মো: গোলাম কবির সাঈদী, ছোট ভাই হযরত মাওলানা মোহাম্মদ গোলাম হাদী সাঈদী, তাঁর জ্যৈষ্ঠ পুত্র ও আড়াইবাড়ী সাইয়্যেদা সুরাইয়া নূরানী মাদরাসার পরিচালক হযরত মাওলানা শাফাকাত মোহাম্মদ গোলাম সোবহানী সাঈদী, তাঁর সহধর্মিণী, দরবারের মুরিদান-মুহিব্বীন, এলাকাবাসী এবং মাদরাসার সকল শিক্ষক-শিক্ষার্থীগণ তাঁর রুহের মাগফিরাত কামনা করেছেন।

আমি মহান রাব্বুল আলামিনের দরবারে কায়মনোবাক্যে দোয়া করি—আল্লাহ তাআলা যেন মরহুম গোলাম সারোয়ার সাঈদী (রহ.)-এর জীবনের সকল নেক আমল কবুল করেন, তাঁর কবরকে জান্নাতের বাগান বানিয়ে দেন এবং তাঁকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মাকাম দান করেন। সেই সাথে শোকসন্তপ্ত পরিবার, বর্তমান পীর সাহেব ও অসংখ্য ভক্ত-মুরিদানকে ধৈর্য ধারণের তৌফিক দান করেন। আমিন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ