ব্রাহ্মণবাড়িয়ার কসবায় বিভিন্ন ব্যাংকে কর্মরত ব্যবস্থাপকগণের পেশাজীবী সংগঠন “ব্যাংকার্স ফোরাম, কসবা” এর উদ্যোগে ঈদুল আজহা পরবর্তী পুনর্মিলনী ও পদোন্নতিজনিত সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১ জুন) বিকেল ৪টায় সোনালী ব্যাংক পিএলসি কসবা শাখায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যবস্থাপক মো. সানাউল হক সরকার। ব্যাংকার্স ফোরামের সাধারণ সম্পাদক ও জনতা ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যবস্থাপক মিজানুর রহমান সুমন অনুষ্ঠানটি সঞ্চালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্যাংকার্স ফোরাম, কসবার সভাপতি ও ইসলামী ব্যাংক পিএলসি কসবা শাখার প্রধান মো. আবদুল কাইয়ুম, ব্যাংক এশিয়ার ব্যবস্থাপক নাসির উদ্দীন, অগ্রণী ব্যাংকের ব্যবস্থাপক নুরুল আলম, কৃষি ব্যাংকের ব্যবস্থাপক মো. মহসিন, ইউসিবি ব্যাংকের ব্যবস্থাপক সাইদুর রহমানসহ উপজেলার বিভিন্ন ব্যাংকের প্রায় ১৫ জন শাখা ব্যবস্থাপক।
এ সময় ব্যাংকিং খাতের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা, মতবিনিময় এবং পারস্পরিক সৌহার্দ্য বৃদ্ধিতে গুরুত্বারোপ করা হয়। উপস্থিত কর্মকর্তারা একে অপরের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন এবং ব্যাংকিং সেবার মানোন্নয়নে সম্মিলিতভাবে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠানের অন্যতম আকর্ষণ ছিল সিটি ব্যাংক পিএলসি কুটি বাজার উপশাখার ব্যবস্থাপক অমিত কুমার এর পদোন্নতি উপলক্ষে সংবর্ধনা। সম্প্রতি তিনি সিনিয়র অ্যাসিস্ট্যান্ট ভাইস প্রেসিডেন্ট পদে পদোন্নতি লাভ করায় তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয় এবং সহকর্মীরা শুভেচ্ছা জানান।
অনুষ্ঠানের শেষে অংশগ্রহণকারীরা সোনালী ব্যাংক পিএলসি কসবা শাখার ব্যবস্থাপক মো. সানাউল হক সরকার এর আন্তরিক আতিথেয়তা ও সুন্দর আয়োজনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পুনর্মিলনীটি সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সম্পন্ন হয় এবং ভবিষ্যতেও এ ধরনের আয়োজন অব্যাহত রাখার হবে।