ব্রাহ্মণবাড়িয়ার কসবা পৌর শহরের টি. আলী বাড়ি মোড় এলাকার একটি পুকুর থেকে হোসেন মিয়া (৩৭) নামে এক সিএনজি চালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার দুপুর প্রায় ৩টার দিকে এলাকার একটি পুকুরে ভাসমান অবস্থায় কোনো কিছু দেখতে পান স্থানীয়রা। পরে কাছে গিয়ে সেটি মানুষের মরদেহ বলে নিশ্চিত হন তারা। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক জনতার ভিড় জমে। পরে খবর পেয়ে কসবা থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে।
মরদেহ উদ্ধারের খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নিহতের স্বজনরা। তারা জানান, উদ্ধার হওয়া মরদেহটি তাদের নিখোঁজ স্বজন হোসেন মিয়ার। নিহত হোসেন মিয়া কুমিল্লার ব্রাহ্মণপাড়া উপজেলার চান্দলা ইউনিয়নের সালদা গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন সিএনজি চালিত অটোরিকশা চালক ছিলেন।
স্বজনরা জানান, গত ২৫ মে হোসেন মিয়া নিখোঁজ হন। তাকে খুঁজে না পেয়ে তার স্ত্রী মোছা. সালমা বেগম থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।
পুকুর থেকে মরদেহটি তোলার পর মুখমণ্ডল দেখে পরিবারের সদস্যরা তাকে শনাক্ত করেন। এ সময় স্বজনদের কান্না ও আহাজারিতে ঘটনাস্থলের পরিবেশ ভারী হয়ে ওঠে।
এ বিষয়ে কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা বলেন, পুকুর থেকে একটি ভাসমান মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা চলছে।