খাল পুনঃখনন প্রকল্পের কাজ সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার সঙ্গে সম্পন্ন করে প্রকল্পের সাশ্রয় হওয়া অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়ায় কসবা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. ছামিউল ইসলামসহ দেশের ৮৩টি উপজেলার ইউএনওকে প্রশংসা ও ধন্যবাদ জানিয়েছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (০৮ আগস্ট) প্রধানমন্ত্রীর কার্যালয়ের করবী হলে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে এ প্রশংসা ও ধন্যবাদ জানানো হয়।
প্রধানমন্ত্রী তারেক রহমানএ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তাদের (ইউএনও) নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীলতা, সততা ও মানবিকতার সঙ্গে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, রাষ্ট্রের দায়িত্বে থাকা প্রত্যেকের জন্য মানুষের সেবা করার সুযোগ একটি বড় আমানত ও আল্লাহর নিয়ামত। আগামী প্রজন্মের জন্য একটি নিরাপদ, বাসযোগ্য ও মানবিক বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
উল্লেখ্য, কসবা উপজেলার দুটি খাল পুনঃখনন প্রকল্পের কাজ নির্ধারিত অর্থের মধ্যে সম্পন্ন করে ৭৮ লাখ ৬৮ হাজার টাকা সাশ্রয় করেন ইউএনও মো. ছামিউল ইসলাম। পরবর্তীতে সাশ্রয় হওয়া পুরো অর্থ সরকারি কোষাগারে ফেরত দেওয়া হয়। সরকারি অর্থের যথাযথ ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতার ক্ষেত্রে এ উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসা অর্জন করে।
এ ঘটনায় কসবা উপজেলার প্রশাসনের প্রতি মানুষের আস্থা আরও দৃঢ় হয়েছে বলে মনে করছেন স্থানীয়রা। একজন সরকারি কর্মকর্তা জনগণের অর্থের প্রতি সর্বোচ্চ দায়িত্বশীলতা ও সততার পরিচয় দিলে তা শুধু একটি প্রকল্পের সফলতা নয়, বরং সরকারি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতার একটি ইতিবাচক দৃষ্টান্ত হয়ে ওঠে।
প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে আমন্ত্রণ এবং প্রধানমন্ত্রীর কাছ থেকে সরাসরি প্রশংসা ও ধন্যবাদ লাভ কসবাবাসীর জন্য গর্ব ও আনন্দের বিষয় বলে মনে করছেন স্থানীয় সচেতন মহল।
কসবার দুটি খাল পুনঃখনন প্রকল্পে বিপুল পরিমাণ অর্থ সাশ্রয় করে সরকারি কোষাগারে ফেরত দেওয়ার মাধ্যমে সততা, স্বচ্ছতা ও দায়িত্বশীলতার অনন্য দৃষ্টান্ত স্থাপন করায় ইউএনও মো. ছামিউল ইসলামকে অভিনন্দন জানিয়েছেন কসবাবাসী।
স্থানীয়দের প্রত্যাশা, তাঁর মতো সৎ, দক্ষ ও জনবান্ধব কর্মকর্তাদের উদ্যোগে সরকারি অর্থের সঠিক ব্যবহার, স্বচ্ছতা ও জবাবদিহিতার সংস্কৃতি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে সরকারি উন্নয়ন প্রকল্পে অপচয় রোধ ও জনগণের অর্থের সর্বোত্তম ব্যবহারের ক্ষেত্রে এ ধরনের উদ্যোগ অন্যদের জন্যও অনুকরণীয় দৃষ্টান্ত হয়ে থাকবে।
এ বিষয়ে কসবা উপজেলা নির্বাহী অফিসার জানান মাননীয় প্রধানমন্ত্রী নিজ দফতরে সততার সাথে কাজ উন্নয়ন প্রকল্পের টাকা ফেরত দেওয়ায় আমাদের প্রশংসা করেছেন ও আমাদের ধন্যবাদ জানিয়েছেন। তিনি জানান রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে এধরনের স্বীকৃতি আমাদের ভাবিষ্যতে সততার সাথে আরো ভাল কাজ করার অনুপ্রেরণা যোগাবে। তিনি এ স্বীকৃতির জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানান।