রাষ্ট্রীয় মর্যাদায় হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় বীর মুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম সমাহিত

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬
  • ৩৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

মহান স্বাধীনতা দিবসে স্বাধীন বাংলার অতন্দ্র প্রহরী, জাতির শ্রেষ্ঠ সন্তান বীর মুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম রাষ্ট্রীয় মর্যাদায় হাজারো মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সমাহিত হয়েছেন।

বৃহস্পতিবার (২৬ মার্চ) বাদ জোহর কসবা পৌর ঈদগাহ মাঠে মরহুমের জানাজা নামাজ অনুষ্ঠিত হয়। এতে বিপুল সংখ্যক সহযোদ্ধা, বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতৃবৃন্দ ও সর্বস্তরের মানুষ অংশগ্রহণ করেন।
জানাজায় উপস্থিত বক্তারা স্মৃতিচারণ করে বলেন, এম এইচ শাহ আলম ছিলেন একাধারে রণাঙ্গনের সাহসী সৈনিক, দক্ষ সংগঠক, রাজনৈতিক নেতা, সাংবাদিক ও সাহিত্য অনুরাগী। মহান মুক্তিযুদ্ধে তাঁর বীরত্বপূর্ণ অবদান এবং স্বাধীনতা পরবর্তী সময়ে দেশ গঠনে তাঁর ভূমিকা চিরস্মরণীয় হয়ে থাকবে।

জানাজার নামাজের পূর্বে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবিরের নেতৃত্বে কসবা থানা পুলিশের একটি চৌকস দল মরহুমকে রাষ্ট্রীয় মর্যাদা প্রদান করে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বীর মুক্তিযোদ্ধারাও গার্ড অব অনারে অংশগ্রহণ করেন।

পরে পারিবারিক কবরস্থানে মরহুমের দাফন সম্পন্ন করা হয়।

উল্লেখ্য, স্বাধীন বাংলা ছাত্রসংগ্রাম পরিষদ, কসবা থানার সাবেক সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা এম এইচ শাহ আলম (৭৬) বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোর ৩টা ৪০ মিনিটে নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি এক কন্যা, দুই পুত্রসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

কসবা প্রেসক্লাবসহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন মরহুমের শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন। শোকবার্তায় তারা বলেন, স্বাধীনতার এই গৌরবময় দিনে তাঁর এ বিদায় জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর বর্ণাঢ্য সংগ্রামী জীবন, দেশপ্রেম ও আত্মত্যাগ জাতি চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ