ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ২৫ মার্চ গণহত্যা দিবস ও ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস যথাযোগ্য মর্যাদায় উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলাম।
সভায় বক্তারা বলেন, মহান স্বাধীনতা অর্জনের পেছনে বাঙালির আত্মত্যাগ ও বীরত্বগাথা নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে জাতীয় দিবসগুলো যথাযথ মর্যাদায় পালন করা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২৫ মার্চের কালরাত্রিতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বর গণহত্যা জাতির ইতিহাসে এক শোকাবহ অধ্যায়। আর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবস বাঙালি জাতির গৌরবময় মুক্তির সূচনা। এ দিবসগুলো যথাযথ মর্যাদায় উদযাপনের মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে।
সভায় সিদ্ধান্ত অনুযায়ী, ২৫ মার্চ গণহত্যা দিবসে রাত ৯টায় প্রতীকী ‘ব্ল্যাকআউট’ কর্মসূচি পালন, শহীদদের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হবে। এছাড়া ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে সূর্যোদয়ের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলন, শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ, কুচকাওয়াজ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত গৃহীত হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জামান ভূইয়া, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নাজনীন সুলতানা, কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তছলিম মিয়া, কসবা প্রেসক্লাবের সভাপতি আবুল খায়ের স্বপন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা জামায়াতে ইসলামীর নায়েবে আমীর পীরজাদা শিবলী নোমানী, উপজেলা গণঅধিকার পরিষদের নেতা মাওলানা হিজবুল্লাহ হেলালী এবং বীর মুক্তিযোদ্ধা জাহাঙ্গীর আলম ভূইয়া প্রমুখ।
এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।