ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় বিএনপির মনোনীত প্রার্থী মুশফিকুর রহমানের পক্ষে নির্বাচনী প্রচারণায় নেমেছেন তাঁর মেয়ে মেহবিন রহমান মুনিয়া, জামাতা মোহাম্মদ আশফাক হোসেন এবং নাতি আকিব জামিল রহমান ও আফিফ জামিল রহমান। পরিবারের সদস্যদের সক্রিয় অংশগ্রহণে নির্বাচনী মাঠে নতুন উদ্দীপনা সৃষ্টি হয়েছে বলে দাবি করছেন স্থানীয় নেতাকর্মীরা।
বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই কসবা উপজেলার বিভিন্ন এলাকায় দলীয় নেতাকর্মীদের সঙ্গে ভাগ হয়ে তাঁরা ধানের শীষের পক্ষে প্রচারণা চালান। দুপুরে কসবা পৌর শহরের বিভিন্ন অলিগলি ঘুরে শ্বশুর ব্রাহ্মণবাড়িয়া–৪ (কসবা–আখাউড়া) আসনের বিএনপির মনোনীত প্রার্থী, বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও সাবেক সংসদ সদস্য মুশফিকুর রহমানের জন্য ভোট প্রার্থনা করেন তাঁর বড় জামাতা মোহাম্মদ আশফাক হোসেন।
এ সময় উপজেলা ও পৌর বিএনপির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। পৌর বিএনপির সাবেক সভাপতি মো. আশরাফ আলী বলেন, শহরের আরামদায়ক জীবন ছেড়ে প্রার্থীর মেয়ে, জামাতা ও নাতিরা যেভাবে মাঠে নেমে প্রচারণা চালাচ্ছেন, তা আমাদের নেতাকর্মীদের নতুন করে প্রেরণা দিচ্ছে। এতে আমরা সবাই আরও উৎসাহ পাচ্ছি।
প্রচারকালে বিএনপি প্রার্থীর জামাতা ও গ্লোবাল শিপিং লাইন্সের চেয়ারম্যান মোহাম্মদ আশফাক হোসেন বলেন, মুশফিকুর রহমান শুধু আমার শ্বশুর নন, তিনি একজন সৎ ও জনকল্যাণমুখী রাজনীতিবিদ। কর্মজীবন থেকেই তিনি এলাকায় উন্নয়নমূলক কাজ করে আসছেন। সাবেক সংসদ সদস্য হিসেবে তিনি মানুষের আস্থা অর্জন করেছেন।
তিনি আরও বলেন,
দীর্ঘ ১৫–১৬ বছর মানুষ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এবার ভোট দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় সাধারণ মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে। প্রচারণায় অংশ নিয়ে আমি মানুষের কাছ থেকে অভূতপূর্ব সাড়া পাচ্ছি। আমার বিশ্বাস, এই আসনের ভোটাররা ধানের শীষের যোগ্য প্রার্থীকে ভোট দিয়ে জয়যুক্ত করবেন এবং এলাকার উন্নয়নে কাজ করার সুযোগ করে দেবেন।