ফ্যাসিবাদ, চাঁদামুক্ত রাজনীতি ও রাষ্ট্রীয় সংস্কার চাইলে ১১ দলীয় জোটে ও হ্যাঁ ভোট দেওয়ার জন্য আহ্বান- কসবায় মিয়া গোলাম পরওয়ার

লোকমান হোসেন পলা
  • প্রকাশের সময় : শুক্রবার, ৩০ জানুয়ারী, ২০২৬
  • ৯৫ বার এই সংবাদটি পড়া হয়েছে

বাংলাদেশ জামায়াতে ইসলামের কেন্দ্রীয় জেনারেল সেক্রেটারি ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেছেন, “যারা ক্ষমতায় যাওয়ার আগেই পিটিয়ে পিটিয়ে মানুষ হত্যা করে, চাঁদার জন্য পাথর মেরে মানুষ মারে—তাদের হাতে এ দেশের জান-মালের কোনো নিরাপত্তা নেই।” তিনি বলেন, একটি মহল পরিকল্পিতভাবে সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষকে ভয় দেখিয়ে দাড়িপাল্লায় ভোট না দেওয়ার অপচেষ্টা চালাচ্ছে, যা সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন।
শুক্রবার বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার তফজ্জল আলী কলেজ মাঠে বাংলাদেশ জামায়াতে ইসলামের সমর্থিত ১১ দলীয় জোট আয়োজিত নির্বাচনী মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বলেন, “হিন্দুদের বাড়ি বাড়ি গিয়ে বলা হচ্ছে দাড়িপাল্লায় ভোট দিলে তাদের সিঁদুর থাকবে না, ঘরছাড়া হতে হবে—এ ধরনের বক্তব্য ইসলামের আদর্শের সম্পূর্ণ পরিপন্থী।” তিনি জোর দিয়ে বলেন, “ইসলামে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টানসহ সব ধর্মের মানুষের পূর্ণ ধর্মীয় স্বাধীনতা ও নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে।”
তিনি আরও বলেন, স্বাধীনতার ৫৪ বছরে যারা রাষ্ট্র পরিচালনা করেছে, তাদের প্রত্যেকেই কোনো না কোনোভাবে দুর্নীতি, দলীয়করণ, বিরোধী মত দমনে মামলা-হামলা, নিপীড়ন ও হাজার হাজার কোটি টাকা বিদেশে পাচারের সঙ্গে জড়িত ছিল। ইসলামী আন্দোলনের বহু নেতা-কর্মীকে আয়নাঘরে রেখে হত্যা করা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।
মিয়া গোলাম পরওয়ার বলেন, “বৈষম্য, দুর্নীতি, চাঁদাবাজি, সন্ত্রাস ও ভিন্নমত দমনের রাজনীতির মাধ্যমে বিচার ও সমাজব্যবস্থাকে ধ্বংস করা হয়েছে। এই ব্যর্থ রাজনৈতিক শক্তির হাত থেকে দেশকে মুক্ত করে মানবিক, সমৃদ্ধ ও ইনসাফভিত্তিক রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য।”
তিনি জানান, জামায়াতে ইসলামীসহ ছয়টি ইসলামী দল এবং জুলাই যোদ্ধাদের দল এনসিপিসহ মোট ১১টি দল ঐক্যবদ্ধভাবে নির্বাচনে অংশ নিয়েছে। ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা–আখাউড়া) আসনে ১১ দলীয় জোটের প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন মো. আতাউর রহমান সরকার।
সরকার গঠনের সুযোগ পেলে ব্রাহ্মণবাড়িয়ার স্থানীয় হাসপাতালের উন্নয়ন, গ্যাস লাইন সম্প্রসারণ করে ঘরে ঘরে সংযোগ প্রদানসহ এলাকার দীর্ঘদিনের সব সমস্যার সমাধান করা হবে বলে আশ্বাস দেন তিনি। ডা. শফিকুর রহমানের নেতৃত্বে সন্ত্রাস, চাঁদাবাজি ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, জাহাঙ্গীরনগর ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ দেশের পাঁচটি পাবলিক বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ নির্বাচনে অপপ্রচার ও বাধা উপেক্ষা করে ছাত্রশিবির বিজয়ী হয়েছে। এই বিজয় দাড়িপাল্লার বিরুদ্ধে সব অপপ্রচারকে মিথ্যা প্রমাণ করেছে এবং দেশ পরিবর্তনের বার্তা দিয়েছে।
ফ্যাসিবাদ, চাঁদামুক্ত রাজনীতি ও রাষ্ট্রীয় সংস্কার চাইলে হ্যাঁ ভোট দেওয়ার জন্য জনগণের প্রতি আহ্বান জানান তিনি।
সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মো. আতাউর রহমান সরকার।
১১ দলীয় জোটের নির্বাচনী পরিচালনা কমিটির সভাপতি কাজী সিরাজুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে সঞ্চালনা করেন উপজেলা জামায়াতের নায়েবে আমীর শিবলী নোমানী ও সাধারণ সম্পাদক গোলাম সারোয়ার।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল সাত্তার, জেলা জামায়াতের আমীর মোবারক হোসেন আখন্দ, সাধারণ সম্পাদক মাওলানা আমিনুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের জোট প্রার্থী এনসিপি কেন্দ্রীয় নেতা মো. আতাউল্লাহ, জেলা জামায়াতের সাবেক নায়েবে আমীর কাজী ইয়াকুব আলী, কসবা উপজেলা জামায়াতের আমীর অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, পৌর আমীর হারুন অর রশীদ, খেলাফত মজলিশের নির্বাহী সভাপতি মাওলানা ইউনুছ করিম বেলালী ও এনসিপির আহ্বায়ক কাজী মোশাহেদ উল্লাহ প্রমুখ।
নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই কলেজ মাঠে হাজার হাজার ভোটার, কর্মী ও সমর্থক সমবেত হন। একপর্যায়ে সমাবেশটি মহাসমাবেশে রূপ নেয়। নির্বাচনী সমাবেশকে কেন্দ্র করে দুপুর থেকেই তফজ্জল আলী কলেজ মাঠে হাজার হাজার ভোটার, নেতাকর্মী ও সমর্থকের ঢল নামে। একপর্যায়ে পুরো মাঠ জনসমুদ্রে পরিণত হয়। বিশেষভাবে চোখে পড়ার মতো ছিল নারী ভোটার ও নারী কর্মী-সমর্থকদের স্বতঃস্ফূর্ত ও বিপুল উপস্থিতি। পর্দানশীন নারী থেকে শুরু করে তরুণী ও বয়স্ক নারী ভোটারদের অংশগ্রহণ সমাবেশে ভিন্নমাত্রা যোগ করে। তাদের স্লোগান, করতালি ও উপস্থিতি সমাবেশের পরিবেশকে আরও প্রাণবন্ত করে তোলে এবং জোটের প্রতি নারীদের আগ্রহ ও সমর্থনের স্পষ্ট বার্তা দেয়।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ