কসবায় পৃথক অভিযানে ৩৪ কেজি গাঁজা উদ্ধার, চাকরিচ্যুত বিজিবি সদস্যসহ আটক ৩

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ২৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় পৃথক তিনটি অভিযানে মোট ৩৪ কেজি গাঁজাসহ তিনজনকে আটক করেছে কসবা থানা পুলিশ। বুধবার (১৫ এপ্রিল) দুপুরে উপজেলার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়। আটককৃতদের মধ্যে একজন নিজেকে বিজিবির চাকরিচ্যুত সদস্য বলে দাবি করেছেন।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা-সিলেট মহাসড়কের তিনলাখপীর এলাকায় অভিযান চালিয়ে আবদুল্লাহ আল ফয়সাল (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। এ সময় তার বহন করা একটি লাগেজ তল্লাশি করে ১৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়। তিনি কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার কাউতলা এলাকার মিজানুর রহমানের ছেলে।

আটক ফয়সাল নিজেকে বিজিবির সাবেক সদস্য দাবি করলেও তার কাছে কোনো বৈধ প্রমাণপত্র পাওয়া যায়নি। তিনি জানান, অন্য এক ব্যক্তি তাকে লাগেজটি পৌঁছে দেওয়ার জন্য দিয়েছিল এবং এর ভেতরে কী ছিল তা তিনি জানতেন না।

স্থানীয় বিজিবি সূত্রে জানা গেছে, আবদুল্লাহ আল ফয়সাল বিজিবিতে কর্মরত ছিলেন। ২০২৪ সালে দুই মাসের ছুটিতে বাড়িতে এসে আর কর্মস্থলে যোগদান না করায় তিনি চাকরিচ্যুত হন।

অন্যদিকে, একই দিন দুপুরে কসবা পৌর শহরের টি. আলী বাড়ি মোড় এলাকায় অভিযান চালিয়ে শরীরে বিশেষ কৌশলে লুকানো অবস্থায় চার কেজি গাঁজাসহ মুরাদ মিয়া (৪৫) ও হেলাল মিয়া (৪৩) নামে আরও দুইজনকে আটক করা হয়। তারা নরসিংদীর চম্পকনগর এলাকার বাসিন্দা।

এছাড়া কুটি জাজিয়ারা এলাকায় ওয়াসিম মিয়ার বাড়িতে অভিযান চালিয়ে ডিমের হাঁচির ভেতরে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১২ কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজনীন সুলতানা জানান, পৃথক তিনটি অভিযানে মোট ৩৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে এবং জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটক আবদুল্লাহ আল ফয়সাল নিজেকে বিজিবির সাবেক সদস্য দাবি করলেও তার কোনো বৈধ কাগজপত্র পাওয়া যায়নি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ