বিএনপি ফ্যাসিবাদ হয়ে যাচ্ছে এ অভিযোগ ভিত্তিহীন -এমপি মুশফিকুর রহমান

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : সোমবার, ১৩ এপ্রিল, ২০২৬
  • ২৭ বার এই সংবাদটি পড়া হয়েছে

বিএনপি ফ্যাসিবাদ হয়ে যাচ্ছে এমন অভিযোগকে ভিত্তিহীন বলে মন্তব্য করেছেন কসবা-আখাউড়া সংসদীয় আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে কসবায় সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, আমরা ফ্যাসিবাদ বলতে ১৭ বছরকে বুঝি। কিন্তু দেড় মাসেই আমাদের ফ্যাসিবাদ বলা হচ্ছে, যা সম্পূর্ণ অযৌক্তিক।

তিনি আরও বলেন, প্রেসের স্বাধীনতা কি ক্ষুণ্ন হয়েছে? না, হয়নি। ফ্যাসিবাদ তখনই হবে যখন মানুষকে কথা বলতে দেওয়া হবে না, অযথা ধরপাকড় করা হবে, কিংবা রাস্তাঘাটে মানুষকে পিটিয়ে মব সৃষ্টি করা হবে। বর্তমানে এমন কোনো পরিস্থিতি নেই।

বিরোধীদলীয় নেতা ড. শফিকুর রহমানের বক্তব্যের প্রসঙ্গে এমপি মুশফিকুর রহমান বলেন, এ ধরনের মন্তব্য বাস্তবতার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়।

তিনি আরও দাবি করেন, বর্তমান সরকার জনগণের কল্যাণে কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রী যে কাজগুলো করছেন, তা জনগণের স্বার্থেই হচ্ছে। আমরা অনেক কাজ করছি, যেগুলো গত ২০ বছরেও হয়নি।

তিনি বলেন, মসজিদের ইমামদের সহায়তা, ফ্যামিলি কার্ড, নারীর ক্ষমতায়ন, কৃষক কার্ড, খাল খনন কর্মসূচি এসব উদ্যোগই প্রমাণ করে যে বিএনপি একটি জনবান্ধব সরকার।

এদিকে এমপি মুশফিকুর রহমান বেলা দেড়টার দিকে উপজেলার বাদৈর ইউনিয়নের হাতিয়ানি বিলে খাল খনন কর্মসূচী উদ্বোধন করেন। এ সময় ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএডিসির নির্বাহী প্রকৌশলী রনি সাহা, কসবা উপজেলা নির্বাহী অফিসার মো. ছামিউল ইসলাম, উপজেলা কৃষি অফিসার আয়েশা আক্তার, জেলা বিএনপির সহ-সভাপতি মোহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, সদস্য মো. হানিফ, কসবা পৌর বিএনপির সভাপতি মো. শরিফুল ইসলাম ভূইয়া, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইকলিল আযম, পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল ইসলাম ভূইয়া, সদস্য সচিব জিয়াউল হুদা শিপনসহ উপজেলা ও স্থানীয় বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে সকাল ১১টার দিকে মুশফিকুর রহমান কসবায় পৌছে উপজেলা প্রশাসনের দায়িত্বশীল কর্মকর্তাদের সাথে বৈঠক করেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ