কসবার বিলঘর গ্রামে বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৩ শতাধিক মানুষ

মোহাম্মদ শাখাওয়াৎ হোসাইন
  • প্রকাশের সময় : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬
  • ২৬ বার এই সংবাদটি পড়া হয়েছে

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বিলঘর গ্রামে প্রায় তিন শতাধিক মানুষ বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা পেয়েছেন। বুধবার (০৪ ফেব্রুয়ারি) সকাল নয়টা থেকে দুপুর পর্যন্ত বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ওই চিকিৎসা সেবা প্রদান করা হয়। বিনামূল্যে পরামর্শ, ঔষধ, চশমার পাওয়ার, ছানি রোগী বাছাই ও অপারেশন যোগ্য রোগীদের বিনামূল্যে অপারেশন, চোখের লেন্স সংযোজনের ব্যবস্থা করা হয়। গ্রামীণ জনপদে এমন সেবা পেয়ে উচ্ছ্বসিত মানুষ।

কসবা উপজেলার কুটি ইউনিয়ন ও কসবা পশ্চিম ইউনিয়নের বিলঘর, পানিয়ারুপ, আকছিনা, গোবিন্দপুর, মাইজখার সহ আশপাশের গ্রামের মানুষ এই চিকিৎসা সেবা পেয়েছেন।
সকাল নয়টায় চিকিৎসা সেবা কার্যক্রমের শুভ উদ্বোধন ঘোষণা করেন কুমিল্লার সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জনসংযোগ কর্মকর্তা, বিনামূল্যে চিকিৎসা সেবা কার্যক্রমের উদ্যোক্তা সাংবাদিক মো. এমদাদুল হক সোহাগ।
আলোচনা সভায় বক্তব্য রাখেন সাবেক মেম্বার কবির আহমেদ, বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আলাউল হোসেন, ব্যবসায়ী সার্জেন্ট (অবঃ) ফেরদৌস ওয়াহিদ, প্রোগ্রাম অফিসার মো. শাহ জাহান প্রমুখ।
উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা জমশেদ মিয়া, বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সাবেক সভাপতি আলহাজ্ব মো. নুরুল ইসলাম, সাবেক সভাপতি আলহাজ্ব তোফাজ্জল আলী, সাবেক মেম্বার মো. রফিকুল ইসলাম ভূইয়া, ব্যবসায়ী সার্জেন্ট (অবঃ) মো. হুমায়ুন কবির প্রমুখ।
বক্তারা বলেন, সামাজিক কাজের মাধ্যমে সাধারণ মানুষের পাশে দাড়ানোর মতো মহৎ কাজ দ্বিতীয়টি নেই। গ্রামের মানুষ চাইলেই সহজে চোখের চিকিৎসক দেখাতে পারেন না। অনেকেই, সময় ও টাকার অভাবে ছানি অপারেশন ও লেন্স লাগাতে পারেন না। এমন উদ্যোগের ফলে সমাজের সুবিধা বঞ্চিত মানুষ বিনামূল্যে সেবা গ্রহণের সুযোগ পেয়েছে।

জানা যায়, প্রায় ৩৫জন রোগী ছানি অপারেশন ও লেন্স লাগানোর জন্য বাছাই করে কুমিল্লার আলেখারচর চক্ষু হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

চিকিৎসা সেবা কার্যক্রমের আয়োজক বিলঘর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দাতা সদস্য, সিসিএন বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. এমদাদুল হক সোহাগ বলেন, এবার নিয়ে তৃতীয়বারের মতো তিনি এই আয়োজনের ব্যবস্থা করেন। এ বছর সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা সেবার পাশাপাশি ছানি সহ অন্যান্য অপারেশন ও লেন্স পাবেন রোগীরা। তিনি জানান, অরবিস ইন্টারন্যাশনালের সহযোগিতায় বাংলাদেশ জাতীয় অন্ধকল্যাণ সমিতি কুমিল্লা এই কার্যক্রম পরিচালনা করে আসছেন।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ