জলবায়ু পরিবর্তন বর্তমান বিশ্বের অন্যতম ভয়াবহ সংকট। বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধি, সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, ঘূর্ণিঝড়, বন্যা, নদীভাঙন, খরা, লবণাক্ততা ও জীববৈচিত্র্যের ক্ষয় মানবসভ্যতার জন্য বড় ধরনের হুমকি সৃষ্টি করছে। বিশেষ করে বাংলাদেশ জলবায়ু পরিবর্তনের ঝুঁকিতে থাকা দেশগুলোর মধ্যে অন্যতম। অথচ বৈশ্বিক কার্বন নিঃসরণে বাংলাদেশের অবদান অত্যন্ত সামান্য।

এই বাস্তবতায় জলবায়ু পরিবর্তনের ক্ষতিপূরণ, অভিযোজন, প্রযুক্তি হস্তান্তর ও আন্তর্জাতিক অর্থায়ন নিশ্চিত করার জন্য জাতিসংঘের জলবায়ু সম্মেলন বা কনফারেন্স অব দ্য পার্টিজ (COP) বাংলাদেশের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এক একটি জলবায়ু সম্মেলন আসে, আর কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু অর্থায়ন ও উপকূলীয় বিভিন্ন দেশের জলবায়ু পরিবর্তনের ফলে ক্ষতিগ্রস্ত মানুষের সুরক্ষার বিষয়টি নিয়ে নতুন করে আলোচনা হয়; আসে নতুন নতুন প্রতিশ্রুতি। সেসব প্রতিশ্রুতি কতটুকু বাস্তবায়ন হয় তা নিয়ে প্রশ্ন থেকে গেলেও সেই বাস্তবতা মেনেই এবার পশ্চিম এশিয়া ও দক্ষিণ-পূর্ব ইউরোপের সংযোগস্থলে তুরস্কের আনতালিয়ায় আগামী ৯ থেকে ২০ নভেম্বর হতে যাচ্ছে বিশ্ব জলবায়ু সম্মেলন (কপ৩১)। সম্মেলনে এবার আলোচনার নেতৃত্ব দেবে জলবায়ু পরিবর্তনের ফলে ‘তীব্র ঝুঁকিপূর্ণ ও ক্ষতিগ্রস্ত’ দেশগুলোর অন্যতম অস্ট্রেলিয়া। বাংলাদেশ এ সম্মেলনে জলবায়ু ঝুঁকিপূর্ণ মানুষের সুরক্ষা, জলবায়ু ন্যায়বিচার এবং জাতীয় পরিকল্পনা বাস্তবায়নে অর্থায়ন ও প্রযুক্তি সহায়তাকে অগ্রাধিকার দিয়েছে।

কপ-৩১ সম্মেলনের পরিচিতি ও গুরুত্ব

কপ-৩১ হলো জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক ফ্রেমওয়ার্ক কনভেনশনের (UNFCCC) ৩১তম সম্মেলন। এতে বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধান, পরিবেশমন্ত্রী, জলবায়ু বিশেষজ্ঞ, গবেষক, উন্নয়ন সহযোগী ও পরিবেশকর্মীরা অংশ নিচ্ছেন। এবার সম্মেলনের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে রয়েছে; বৈশ্বিক কার্বন নিঃসরণ কমানো, জলবায়ু পরিবর্তনের ক্ষয়ক্ষতি মোকাবিলায় অর্থায়ন, জলবায়ু সহনশীল অবকাঠামো নির্মাণ, উন্নয়নশীল দেশগুলোর জন্য প্রযুক্তি হস্তান্তর, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর পুনর্বাসন, নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তোলা।

বাংলাদেশের জন্য সম্মেলনটি বিশেষ গুরুত্বপূর্ণ। কারণ জলবায়ু পরিবর্তনের কারণে দেশের উপকূলীয় অঞ্চল, কৃষি, মৎস্য, পানি, স্বাস্থ্য ও জনজীবন ক্রমাগত ঝুঁকির মুখে পড়ছে।

বর্তমান সরকারের অংশগ্রহণ ও নেতৃত্ব

বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকার কপ-৩১ সম্মেলনে দেশের জলবায়ু স্বার্থ তুলে ধরার উদ্যোগ নিয়েছে। সম্মেলনের উচ্চপর্যায়ের বৈঠকে অংশগ্রহণের জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান ১১-১২ নভেম্বর তুরস্কের আনতালিয়ায় বিশ্বনেতাদের সম্মেলনে অংশ নেন। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী এবং সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরাও বাংলাদেশের পক্ষে আলোচনায় অংশ নিচ্ছেন।

সরকারের বিশেষ সহকারী বাংলাদেশের প্রতিনিধিদলের গুরুত্বপূর্ণ সদস্য হিসেবে জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর স্বার্থ তুলে ধরছেন। এবারের সম্মেলনে বাংলাদেশের অবস্থান কেবল নিজস্ব স্বার্থে সীমাবদ্ধ নয়। বরং স্বল্প কার্বন নিঃসরণকারী অথচ জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দেওয়ার প্রত্যাশাও প্রকাশ করেছে সরকার।

জলবায়ু অর্থায়ন: সরকারের প্রধান দাবি

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি হলো জলবায়ু মোকাবিলায় পর্যাপ্ত, সহজলভ্য ও অনুদানভিত্তিক আন্তর্জাতিক অর্থায়ন। বাংলাদেশের যুক্তি হলো, উন্নত শিল্পোন্নত দেশগুলো ঐতিহাসিকভাবে অধিক কার্বন নিঃসরণ করে বৈশ্বিক জলবায়ু সংকট সৃষ্টিতে বড় ভূমিকা রেখেছে। অন্যদিকে বাংলাদেশ তুলনামূলকভাবে কম নিঃসরণ করেও ভয়াবহ ক্ষতির সম্মুখীন হচ্ছে। তাই জলবায়ু মোকাবিলায় বাংলাদেশকে নতুন ঋণের বোঝা না দিয়ে অনুদান বা গ্র্যান্ট দিতে হবে।

এই সম্মেলনে বাংলাদেশ বিশেষভাবে তিনটি বিষয়ে গুরুত্ব দিয়েছে: জলবায়ু অভিযোজনের জন্য অনুদানভিত্তিক অর্থায়ন বৃদ্ধি, জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতি মোকাবিলায় কার্যকর সহায়তা এবং আন্তর্জাতিক জলবায়ু তহবিলের আবেদন ও অর্থ ছাড়ের প্রক্রিয়া সহজ করা। এটি বর্তমান সরকারের জলবায়ু কূটনীতির অন্যতম গুরুত্বপূর্ণ অবস্থান।

জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের অর্থনৈতিক চাহিদা

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ তার জলবায়ু মোকাবিলার অর্থনৈতিক প্রয়োজনীয়তার বিষয়টিও তুলে ধরেছে। ১৩ নভেম্বর ২০২৬ তারিখে বাংলাদেশের প্রতিনিধিদলের সংবাদ সম্মেলনে জানানো হয়, জলবায়ু পরিবর্তন মোকাবিলায় বাংলাদেশের বছরে প্রায় ১০ থেকে ১১ বিলিয়ন মার্কিন ডলার প্রয়োজন। অন্যদিকে দেশের নিজস্ব বাজেট থেকে জলবায়ুসংশ্লিষ্ট বিভিন্ন উদ্যোগে বছরে প্রায় ৪.৫ থেকে ৫ বিলিয়ন ডলার ব্যয় করা হচ্ছে। এই তথ্যের মাধ্যমে সরকার আন্তর্জাতিক সম্প্রদায়ের কাছে বোঝাতে চেয়েছে যে, জলবায়ু সংকট মোকাবিলা বাংলাদেশের একার পক্ষে সম্ভব নয়। প্রয়োজন আন্তর্জাতিক সহযোগিতা ও দায়িত্বশীল অর্থায়ন।

অভিযোজন ও ক্ষয়ক্ষতি মোকাবিলায় সরকারের উদ্যোগ

বাংলাদেশের জলবায়ু কূটনীতির আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অভিযোজন (Adaptation) এবং ক্ষয়ক্ষতি (Loss and Damage) মোকাবিলা। জলবায়ু পরিবর্তনের কারণে বাংলাদেশের যেসব অঞ্চল সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে, সেগুলোর মধ্যে রয়েছে—খুলনা, সাতক্ষীরা ও বাগেরহাটের উপকূলীয় অঞ্চল, বরিশাল ও পটুয়াখালীর চরাঞ্চল, ভোলাসহ মেঘনা অববাহিকার নদীভাঙনপ্রবণ এলাকা, উত্তরাঞ্চলের খরা ও তাপপ্রবাহপ্রবণ অঞ্চল এবং সিলেট ও হাওর অঞ্চলের বন্যাপ্রবণ এলাকা।

এসব অঞ্চলের মানুষের জীবন ও জীবিকা রক্ষায় সরকার আন্তর্জাতিক অর্থায়ন, প্রযুক্তি ও দক্ষতা বৃদ্ধির সহযোগিতা চেয়েছে। বিশেষ করে জাতীয় অভিযোজন পরিকল্পনা (National Adaptation Plan বা NAP) বাস্তবায়ন, উপকূলীয় বাঁধ ও অবকাঠামো শক্তিশালীকরণ, নিরাপদ পানির ব্যবস্থা, জলবায়ু সহনশীল কৃষি এবং দুর্যোগের আগাম সতর্কীকরণ ব্যবস্থার উন্নয়নে সহযোগিতা চাওয়া হয়েছে। সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ দাবি হলো, জলবায়ু পরিবর্তনের কারণে যেসব মানুষ ঘরবাড়ি, জমি, জীবিকা ও সামাজিক-সাংস্কৃতিক ঐতিহ্য হারাচ্ছেন, তাঁদের ক্ষয়ক্ষতিও আন্তর্জাতিক সহায়তার আওতায় আনতে হবে।

নবায়নযোগ্য জ্বালানি ও পরিবেশবান্ধব অর্থনীতি

বর্তমান সরকার জলবায়ু পরিবর্তন মোকাবিলায় জ্বালানি খাতের পরিবেশবান্ধব রূপান্তরের ওপর গুরুত্ব দিয়েছে। বাংলাদেশের বিদ্যুৎ, শিল্প, কৃষি ও পরিবহন খাতে পরিচ্ছন্ন প্রযুক্তির ব্যবহার বাড়ানোর জন্য আন্তর্জাতিক সহযোগিতা চাওয়া হয়েছে। এক্ষেত্রে সরকারের আলোচ্য বিষয়গুলো হলো—১. সৌর ও অন্যান্য নবায়নযোগ্য জ্বালানির ব্যবহার সম্প্রসারণ, ২. শিল্পকারখানায় জ্বালানি সাশ্রয়ী প্রযুক্তির ব্যবহার, ৩. পরিবেশবান্ধব গণপরিবহন ও শিল্পব্যবস্থা গড়ে তোলা, ৪. জলবায়ু সহনশীল কৃষি প্রযুক্তির প্রসার, ৫. পরিচ্ছন্ন প্রযুক্তি আমদানি ও প্রযুক্তি হস্তান্তর।

তবে সরকার একটি গুরুত্বপূর্ণ বিষয়ও তুলে ধরেছে—পরিবেশবান্ধব অর্থনীতিতে রূপান্তরের ফলে শ্রমিক, নিম্ন আয়ের মানুষ, নারী ও তরুণদের কর্মসংস্থান যেন ক্ষতিগ্রস্ত না হয়। অর্থাৎ পরিবেশ রক্ষার পাশাপাশি সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচার নিশ্চিত করতে হবে।

আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের ভূমিকা

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর জোট (LDC Group), জি-৭৭ ও চীন এবং অন্যান্য জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশের সঙ্গে সমন্বয় করে কাজ করছে। এটি বাংলাদেশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কূটনৈতিক পদক্ষেপ। কারণ জলবায়ু পরিবর্তনের মতো আন্তর্জাতিক সংকটে এককভাবে দাবি উত্থাপনের চেয়ে সম্মিলিত অবস্থান অনেক বেশি কার্যকর। বাংলাদেশ শুধু নিজের জলবায়ু সংকট তুলে ধরতে চায় না; বরং বিশ্বের জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার প্রতিষ্ঠায় নেতৃত্ব দিতে চায়। এই অবস্থান বাংলাদেশের আন্তর্জাতিক ভাবমূর্তি ও জলবায়ু কূটনীতির জন্য ইতিবাচক।

কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্রাপ্তি ও অগ্রগতি

১৪ নভেম্বর ২০২৬ পর্যন্ত প্রাপ্ত তথ্য বিশ্লেষণ করলে দেখা যায়, সম্মেলনে বাংলাদেশের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রাথমিক অগ্রগতি রয়েছে। তবে এগুলোকে চূড়ান্ত অর্জন হিসেবে বিবেচনা করা ঠিক না হলেও বিজয়ের সম্ভাবনা রয়েছে। প্রথমত: জলবায়ু অর্থায়নের দাবি আন্তর্জাতিক পর্যায়ে তুলে ধরা। বাংলাদেশ অনুদানভিত্তিক জলবায়ু অর্থায়ন, অর্থ ছাড়ের গতি বৃদ্ধি এবং তহবিল পাওয়ার জটিলতা কমানোর দাবি জোরালোভাবে উপস্থাপন করেছে। দ্বিতীয়ত: বছরে ১০-১১ বিলিয়ন ডলারের প্রয়োজনীয়তা তুলে ধরা। বাংলাদেশের জলবায়ু মোকাবিলার প্রকৃত আর্থিক চাহিদা আন্তর্জাতিক সম্প্রদায়ের সামনে তুলে ধরা একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি। তৃতীয়ত: ক্ষয়ক্ষতি তহবিলের ওপর গুরুত্বারোপ। জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট অর্থনৈতিক ও অনর্থনৈতিক ক্ষয়ক্ষতির জন্য আরও অর্থায়ন, সহজ আবেদনপ্রক্রিয়া এবং দ্রুত অর্থ ছাড়ের দাবি জানানো হয়েছে। চতুর্থত: আন্তর্জাতিক জলবায়ু তহবিল পাওয়ার সম্ভাবনা।

বাংলাদেশের প্রতিনিধিদলের ১৩ নভেম্বরের বক্তব্য অনুযায়ী, বাংলাদেশ ক্লাইমেট ইনভেস্টমেন্ট ফান্ডসের (CIF) আওতায় প্রথম পাঁচটি প্রত্যাশিত সুবিধাভোগী দেশের একটি। প্রতিটি দেশের জন্য ৩০ মিলিয়ন মার্কিন ডলারের অর্থায়নের প্রত্যাশার কথা জানানো হয়েছে। উপকূলীয় অবকাঠামো ও জলবায়ু সহনশীল কৃষিকে সম্ভাব্য অগ্রাধিকার হিসেবে উল্লেখ করা হয়েছে। পঞ্চমত: জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর নেতৃত্বের অবস্থান। বাংলাদেশ নিজের স্বার্থের পাশাপাশি অন্যান্য ঝুঁকিপূর্ণ দেশের অধিকার প্রতিষ্ঠার কথাও বলেছে। এটি দেশের কূটনৈতিক ভূমিকার একটি ইতিবাচক দিক। এসব অগ্রগতির তথ্য বাংলাদেশের প্রতিনিধিদলের সংবাদ সম্মেলন ও সংশ্লিষ্ট সংবাদ প্রতিবেদনে উঠে এসেছে।

বাংলাদেশের জলবায়ু অঙ্গীকার ও আন্তর্জাতিক দায়িত্ব

বাংলাদেশের বর্তমান সরকার আন্তর্জাতিক জলবায়ু অঙ্গীকার বাস্তবায়নের বিষয়েও গুরুত্ব দিচ্ছে। বাংলাদেশের হালনাগাদ জাতীয়ভাবে নির্ধারিত অবদান (NDC) অনুযায়ী, ২০৩৫ সালের মধ্যে স্বাভাবিক প্রবণতার তুলনায় (Business as Usual) ৬.৩৯ শতাংশ গ্রিনহাউস গ্যাস নিঃসরণ কমানোর লক্ষ্য রয়েছে। আন্তর্জাতিক সহায়তা পাওয়া গেলে অতিরিক্ত ১৩.৯২ শতাংশ নিঃসরণ কমানোর লক্ষ্যও রয়েছে।

এখানে একটি বিষয় গুরুত্বপূর্ণ: নিঃসরণ কমানোর লক্ষ্য বাস্তবায়নে আর্থিক সহযোগিতা, প্রযুক্তি হস্তান্তর ও দক্ষ জনবল গড়ে তোলা অপরিহার্য। বাংলাদেশের দাবি হলো, উন্নত দেশগুলোকে নিজেদের নিঃসরণ কমানোর পাশাপাশি উন্নয়নশীল দেশগুলোর পরিবেশবান্ধব উন্নয়নে সহযোগিতা করতে হবে।

সম্মেলনে বর্তমান সরকারের দাবি ও অর্জন

১. জলবায়ু অর্থায়নের ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের দাবি। ১২ নভেম্বর ২০২৬ কপ-৩১ সম্মেলনের উচ্চপর্যায়ের অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমান একটি গুরুত্বপূর্ণ প্রস্তাব উত্থাপন করেন। তিনি আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ জলবায়ু অভিযোজন খাতে বরাদ্দের আহ্বান জানান। গুরুত্বপূর্ণ কূটনৈতিক অর্জন। এর অর্থ হলো, জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলো যেন শুধু কার্বন নিঃসরণ কমানোর জন্য নয়, বরং বন্যা, ঘূর্ণিঝড়, নদীভাঙন, লবণাক্ততা ও সমুদ্রপৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির ক্ষতি মোকাবিলার জন্যও পর্যাপ্ত অর্থ পায়। বাংলাদেশের মতো দেশের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দাবি।

২. ঋণের পরিবর্তে অনুদানভিত্তিক অর্থায়নের দাবি। প্রধানমন্ত্রী সম্মেলনে স্পষ্টভাবে বলেছেন, জলবায়ু পরিবর্তনে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে নতুন ঋণের বোঝা চাপিয়ে দেওয়া উচিত নয়। তাদের প্রয়োজন অনুদানভিত্তিক অর্থায়ন। এটি বাংলাদেশের একটি উল্লেখযোগ্য কূটনৈতিক অবস্থান। কারণ জলবায়ু সংকটের কারণে ক্ষতিগ্রস্ত দেশগুলোকে আবার ঋণ নিয়ে নিজেদের পুনর্গঠন করতে হলে তাদের অর্থনৈতিক সংকট আরও বাড়বে। প্রধানমন্ত্রী আন্তর্জাতিক জলবায়ু অর্থায়ন ব্যবস্থাকে আরও ন্যায়সংগত ও সহজলভ্য করার আহ্বান জানিয়েছেন।

৩. জলবায়ু ঋণ পুনর্গঠন ও Debt-for-Climate Swap প্রস্তাব। বর্তমান সরকারের আরেকটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হলো জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণের চাপ কমানোর প্রস্তাব। প্রধানমন্ত্রী Debt-for-Climate Swap এবং Climate-Resilient Debt Clauses-এর মতো ব্যবস্থা চালুর আহ্বান জানিয়েছেন। এর উদ্দেশ্য হলো, ঋণের বোঝা কমিয়ে সেই অর্থ জলবায়ু অভিযোজন, পরিবেশ সংরক্ষণ ও দুর্যোগ মোকাবিলায় ব্যয় করার সুযোগ সৃষ্টি করা। এটি বাংলাদেশের পাশাপাশি অন্যান্য উন্নয়নশীল দেশের জন্যও গুরুত্বপূর্ণ প্রস্তাব।

৪. নবায়নযোগ্য জ্বালানিতে বাংলাদেশের নতুন লক্ষ্যমাত্রা তুলে ধরা। কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী বাংলাদেশের নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণের পরিকল্পনা তুলে ধরেছেন। এটি জাতীয় উন্নয়ন অঙ্গীকার। তাঁর বক্তব্য অনুযায়ী— ২০৩০ সালের মধ্যে দেশের বিদ্যুতের চাহিদার ২০ শতাংশ নবায়নযোগ্য জ্বালানি থেকে পূরণের লক্ষ্য, ৪ হাজার মেগাওয়াট সৌরবিদ্যুৎ উৎপাদন সক্ষমতা গড়ে তোলার পরিকল্পনা, সৌরবিদ্যুৎ খাতে বিশেষ কর সুবিধা প্রদানের উদ্যোগ, বর্জ্য থেকে বিদ্যুৎ উৎপাদন প্রকল্প সম্প্রসারণের কথা উঠে এসেছে। এ উদ্যোগগুলো বাস্তবায়িত হলে জীবাশ্ম জ্বালানির ওপর নির্ভরতা কমানো এবং পরিবেশবান্ধব অর্থনীতি গড়ে তোলার ক্ষেত্রে বাংলাদেশ এগিয়ে যাবে।

৫. ২৫ কোটি গাছ রোপণের পরিকল্পনা। পরিবেশ সংরক্ষণ ও জলবায়ু সহনশীলতা বৃদ্ধির লক্ষ্যে আগামী পাঁচ বছরে ২৫ কোটি গাছ লাগানোর পরিকল্পনা প্রধানমন্ত্রী সম্মেলনে তুলে ধরেছেন। এ উদ্যোগ বাস্তবায়িত হলে— বনভূমি ও সবুজ আচ্ছাদন বাড়বে, কার্বন শোষণের সক্ষমতা বৃদ্ধি পাবে, জীববৈচিত্র্য সংরক্ষণে সহায়তা হবে, উপকূলীয় অঞ্চলে প্রাকৃতিক সুরক্ষা শক্তিশালী হবে, তাপপ্রবাহ ও পরিবেশগত বিপর্যয় মোকাবিলায় সহায়তা পাওয়া যাবে। তবে এটি সরকারের ঘোষিত পরিকল্পনা; এখনো সম্পন্ন অর্জন নয়।

৬. ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের পরিকল্পনা। প্রধানমন্ত্রী জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খননের পরিকল্পনার কথা তুলে ধরেছেন। এর পাশাপাশি পদ্মা ব্যারাজ ও তিস্তা ব্যারাজ মাস্টারপ্ল্যানের কথাও উল্লেখ করেছেন। এসব উদ্যোগের সম্ভাব্য সুফল—পানি সংরক্ষণ ও ভূগর্ভস্থ পানির পুনর্ভরণ, বন্যা ও জলাবদ্ধতা মোকাবিলা, কৃষিতে সেচ সুবিধা বৃদ্ধি, নদী ও জলাভূমির পরিবেশ পুনরুদ্ধার, স্থানীয় জনগণের জীবন ও জীবিকার উন্নয়ন। বাংলাদেশের জলবায়ু অভিযোজন পরিকল্পনায় এ উদ্যোগগুলো বিশেষ গুরুত্ব বহন করে।

৭. আন্তর্জাতিক জলবায়ু কূটনীতিতে বাংলাদেশের অবস্থান শক্তিশালী করা। কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তুরস্ক, অস্ট্রেলিয়া, চীন, উজবেকিস্তানসহ বিভিন্ন দেশের নেতাদের সঙ্গে বৈঠক ও যোগাযোগের সুযোগ পেয়েছেন। এ ছাড়া ব্রাজিল, মালদ্বীপ, ইরান, সিরিয়া ও সোমালিয়ার রাষ্ট্রপতি এবং মলদোভা, পাকিস্তান ও কুয়েতের প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন। এসব বৈঠকের মাধ্যমে বাংলাদেশের জলবায়ু সংকট, অর্থনৈতিক সহযোগিতা, বিনিয়োগ ও দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নেওয়ার সুযোগ তৈরি হয়েছে। এটিকে বাংলাদেশের আন্তর্জাতিক কূটনৈতিক যোগাযোগ সম্প্রসারণের একটি ইতিবাচক অর্জন বলা যায়। তবে বৈঠক হওয়া মানেই অর্থায়ন বা চুক্তি সম্পন্ন হওয়া নয়।

৮. বাংলাদেশের পাট ও পরিবেশবান্ধব পণ্যের আন্তর্জাতিক প্রচার। কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের প্যাভিলিয়নে পরিবেশবান্ধব পাটজাত পণ্য প্রদর্শন করা হয়েছে। প্রধানমন্ত্রী প্যাভিলিয়ন পরিদর্শন করে বাংলাদেশের পাটজাত পণ্য ও পরিবেশ সংরক্ষণমূলক উদ্যোগ সম্পর্কে অবহিত হন। পাটের ব্যাগ ও অন্যান্য পণ্য প্লাস্টিকের বিকল্প হিসেবে আন্তর্জাতিক বাজারে তুলে ধরার মাধ্যমে বাংলাদেশের পাটশিল্পের নতুন বাজার ও বিনিয়োগের সম্ভাবনা সৃষ্টি হতে পারে। এটি জলবায়ু কূটনীতির পাশাপাশি বাংলাদেশের রপ্তানি ও অর্থনীতির জন্যও ইতিবাচক উদ্যোগ।

৯. জিরো ওয়েস্ট বা বর্জ্য ব্যবস্থাপনায় বাংলাদেশের প্রতিনিধিত্ব। প্রধানমন্ত্রীর সহধর্মিণী ডা. জুবাইদা রহমান তুরস্কের ফার্স্ট লেডি এমিনে এরদোয়ানের সঙ্গে পরিবেশবিষয়ক কার্যক্রমে অংশ নেন। তাঁরা জিরো ওয়েস্ট মিউজিয়াম উদ্বোধনী কার্যক্রমে অংশগ্রহণ করেন। এ উদ্যোগের মাধ্যমে বর্জ্য পুনর্ব্যবহার, সম্পদের সাশ্রয়, পরিবেশ সংরক্ষণ এবং বর্জ্য থেকে সম্পদ তৈরির বিষয়গুলো গুরুত্ব পায়। ডা. জুবাইদা রহমান বর্জ্যকে সম্পদ ও জ্বালানিতে রূপান্তরের বিষয়ে বাংলাদেশের উদ্যোগ এবং আন্তর্জাতিক প্রযুক্তিগত সহযোগিতার প্রয়োজনীয়তাও তুলে ধরেন। এটি বাংলাদেশের পরিবেশবিষয়ক জনকূটনীতির একটি ইতিবাচক দিক।

১০. জলবায়ু প্রযুক্তি হস্তান্তরের দাবি। প্রধানমন্ত্রী উন্নত দেশগুলোর কাছে জলবায়ুবান্ধব প্রযুক্তি সহজ শর্তে উন্নয়নশীল দেশগুলোকে দেওয়ার আহ্বান জানিয়েছেন। বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ প্রযুক্তিগুলোর মধ্যে রয়েছে—বন্যা ও ঘূর্ণিঝড়ের আগাম সতর্কীকরণ প্রযুক্তি, লবণাক্ততা সহনশীল কৃষি প্রযুক্তি, সৌরবিদ্যুৎ ও পরিচ্ছন্ন জ্বালানি প্রযুক্তি, পানি সংরক্ষণ ও ব্যবস্থাপনা প্রযুক্তি, পরিবেশবান্ধব শিল্প ও বর্জ্য ব্যবস্থাপনা প্রযুক্তি। এটি বাংলাদেশের দীর্ঘমেয়াদি উন্নয়নের জন্য গুরুত্বপূর্ণ দাবি।

১১. বেলেম-আনতালিয়া অ্যাকশন মেকানিজমের প্রস্তাব। প্রধানমন্ত্রী কপ-৩১ সম্মেলনে ন্যায়সংগত জ্বালানি রূপান্তর নিশ্চিত করতে Belem-Antalya Action Mechanism গ্রহণের আহ্বান জানিয়েছেন। এর মূল উদ্দেশ্য হলো, জীবাশ্ম জ্বালানি থেকে পরিচ্ছন্ন জ্বালানিতে রূপান্তরের সময় উন্নয়নশীল দেশগুলোর অর্থনৈতিক সক্ষমতা, কর্মসংস্থান, প্রযুক্তিগত সীমাবদ্ধতা ও সামাজিক ন্যায়বিচারকে গুরুত্ব দেওয়া। এ প্রস্তাবের মাধ্যমে বাংলাদেশ দেখিয়েছে যে, পরিবেশ রক্ষার পাশাপাশি অর্থনৈতিক উন্নয়ন ও সাধারণ মানুষের কর্মসংস্থানও সমান গুরুত্বপূর্ণ।

কপ-৩১ সম্মেলনে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন সরকারের সবচেয়ে উল্লেখযোগ্য সাফল্য হলো বাংলাদেশের জলবায়ু সংকটকে আন্তর্জাতিক পর্যায়ে জোরালোভাবে উপস্থাপন করা এবং জলবায়ু ন্যায়বিচারের প্রশ্নে একটি সুস্পষ্ট অবস্থান গ্রহণ করা। বিশেষ করে আন্তর্জাতিক জলবায়ু অর্থায়নের অন্তত ৫০ শতাংশ অভিযোজন খাতে বরাদ্দের দাবি, ঋণের পরিবর্তে অনুদান প্রদান, জলবায়ু প্রযুক্তি হস্তান্তর, নবায়নযোগ্য জ্বালানি সম্প্রসারণ এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর ঋণ পুনর্গঠনের প্রস্তাব বাংলাদেশের স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত।

এ সম্মেলনে বাংলাদেশ শুধু সাহায্যপ্রার্থী দেশ হিসেবে নয়, বরং বৈশ্বিক জলবায়ু নীতি প্রণয়নে সক্রিয় ভূমিকা রাখতে আগ্রহী একটি দেশ হিসেবে নিজের অবস্থান তুলে ধরেছে। তবে রাজনৈতিক মূল্যায়নের ঊর্ধ্বে উঠে বলতে হয়, আন্তর্জাতিক মঞ্চে দাবি উত্থাপন কূটনৈতিক সাফল্য হলেও প্রকৃত সাফল্য নির্ভর করবে সেই দাবি বাস্তবায়ন, অর্থায়ন নিশ্চিতকরণ এবং দেশের জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমান উন্নয়নের ওপর।

কপ-৩১ সম্মেলন বাংলাদেশের জন্য শুধু একটি আন্তর্জাতিক পরিবেশ সম্মেলন নয়; এটি জলবায়ু ন্যায়বিচার প্রতিষ্ঠা, অর্থনৈতিক নিরাপত্তা নিশ্চিত এবং ভবিষ্যৎ প্রজন্মের অস্তিত্ব রক্ষার একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক মঞ্চ। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকার এবারের সম্মেলনে জলবায়ু অর্থায়ন, অনুদানভিত্তিক সহযোগিতা, ক্ষয়ক্ষতি মোকাবিলা, প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর অধিকার প্রতিষ্ঠার বিষয়ে যে অবস্থান তুলে ধরেছে, তা বাংলাদেশের জাতীয় স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। বিশেষ করে বছরে ১০-১১ বিলিয়ন ডলারের জলবায়ু অর্থায়নের প্রয়োজনীয়তা তুলে ধরা, উন্নত দেশগুলোর কাছে অনুদান দাবি করা এবং জলবায়ু ঝুঁকিপূর্ণ দেশগুলোর পক্ষে নেতৃত্ব দেওয়ার প্রত্যাশা গুরুত্বপূর্ণ অগ্রগতি।

বাংলাদেশের প্রকৃত সাফল্য তখনই নিশ্চিত হবে, যখন আন্তর্জাতিক সম্মেলনে উত্থাপিত দাবিগুলো বাস্তবে অর্থায়ন, প্রযুক্তি, উন্নয়ন প্রকল্প এবং জলবায়ু ক্ষতিগ্রস্ত মানুষের জীবনমানের উন্নয়নে প্রতিফলিত হবে। বর্তমান সরকার যা করতে খুবই আন্তরিক। সবার আগে বাংলাদেশ গড়তে বর্তমান সরকারের আন্তরিকতা উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করছে। (মোহাম্মদ আব্দুল হালিম, পুলিশ কর্মকর্তা, লেখক ও কলামিস্ট)