- কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি।।
দেশের উন্নয়ন ও অগ্রযাত্রায় দেশি-বিদেশি শত্রুরা বাধা সৃষ্টি করছে বলে মন্তব্য করেছেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুশফিকুর রহমান।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ঐতিহাসিক ৭ নভেম্বর জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে আয়োজিত শোভাযাত্রা শেষে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মুশফিকুর রহমান বলেন, দেশে একটি মহল বিশৃঙ্খলা সৃষ্টির পাঁয়তারা করছে। প্রধানমন্ত্রী তারেক রহমান এ বিষয়ে সবাইকে সতর্ক করেছেন। ষড়যন্ত্রকারীরা আমাদের মধ্যেও অনুপ্রবেশ করেছে। যারা দলের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করছে, তাদের ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে।
তিনি বলেন, আজ আমাদের একটি বিশেষ দিন। ৭ নভেম্বর সিপাহি-জনতার বিপ্লবের মধ্য দিয়ে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তি পেয়েছিলেন। এর মধ্য দিয়ে দেশের রাজনৈতিক ইতিহাসে নতুন অধ্যায়ের সূচনা হয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশে বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন। তাঁর অবদানের কারণেই আজ আমরা কথা বলার সুযোগ পেয়েছি।
তিনি আরও বলেন, বাকশাল থেকে মুক্তি পাওয়ার পরও বিগত ১৭ বছর আমাদের বাকশালী শাসনব্যবস্থার আদলে চলতে হয়েছে। আজকের এই দিনে আমাদের শপথ নিতে হবে, কীভাবে দেশকে উন্নয়নের পথে এগিয়ে নেওয়া যায়। দেশে যেন কেউ বিভেদ সৃষ্টি করতে না পারে, সে বিষয়ে সবাইকে সচেতন থাকতে হবে। আমাদের একটি সুন্দর সমাজ প্রতিষ্ঠার পাশাপাশি দেশকে মাদকমুক্ত করতে হবে। মাদক ব্যবসায়ী নিজের দলের লোক হলেও তাকে জনগণের সামনে তুলে ধরতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্বপ্ন বাস্তবায়নে সৎ, আদর্শবান ও দুর্নীতিমুক্ত সমাজ প্রতিষ্ঠার জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াছ, যুগ্ম সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, সদস্য মো. হানিফ খন্দকার, কসবা উপজেলা বিএনপির সিনিয়র সহসভাপতি ইকলিল আযম, সাংগঠনিক সম্পাদক মো. কামাল উদ্দিন, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রউফ রতন, কসবা পৌর বিএনপির সাবেক সভাপতি আশরাফ আলী, সিনিয়র সহসভাপতি বশির আহাম্মদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, উপজেলা যুবদলের আহ্বায়ক মাসুদুল হক দিপু, যুবদল নেতা শাহিদুল খা, সাবেক ছাত্রদল নেতা ছিদ্দিকুর রহমান বাবু, ছাত্রদল নেতা শহীদুল খা, সাদ্দাম হোসেন ও রাজু আহমেদসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের হাজার হাজার নেতাকর্মী।
এর আগে এমপি মুশফিকুর রহমানের নেতৃত্বে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি কসবা পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে কদমতলী এলাকায় গিয়ে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত বক্তব্য দেন সংসদ সদস্য মুশফিকুর রহমান।