ব্রাহ্মণবাড়িয়ার কসবায় মাদক চোরাচালানীদের কোন জায়গা হবেনা বলে মন্তব্য করেছেন কসবা- আখাউড়া আসনের সংসদ সদস্য ও অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মুশফিকুর রহমান।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে কসবা উপজেলা বিএনপি আয়োজিত আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এর ৪৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় এসব কথা বলেন।

তিনি বলেন, এবছর যারা এসএসসিতে জিপিএ-৫ পেয়েছপন তারা ভবিষ্যত ইঞ্জিনিয়ার হবে, ডাক্তার হবে, আইনবিদ হবে। এসব শিক্ষার্থীরা যেন মাদকে জড়িয়ে পড়তে না পারে সেদিকে অভিভাবকদের খেয়াল রাখতে হবে। দলীয় নেতাকর্মীরাও মাদক থেকে দুরে থাকতে হবে।

আলোচনা সভা শুরু হওয়ার আগে উপজেলার বিভিন্ন ইউনিয়ন থেকে দলীয় নেতাকর্মীরা খন্ড খন্ড মিছিল নিয়ে আলোচনা সভাস্থলে উপস্থিত হন। পরে স্থানীয় সংসদ সদস্য মুশফিকুর রহমান জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন এবং শান্তির পায়রা উড়িয়ে অনুষ্ঠান উদ্বোধন করেন।

আলোচনা সভায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক লায়ন ইঞ্জিনিয়ার নাজমুল হুদা খন্দকার, উপজেলা বিএনপির সহ-সভাপতি ইকলিল আজম, উপজেলা বিএনপি সাংগঠনিক সম্পাদক মোঃ কামাল উদ্দিন, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূঁইয়া, সাবেক সভাপতি আশরাফ আলী, উপজলা যুবদল আহ্বায়ক মাসদুল হক দিপু, সদস্য সচিব জিয়াউল হুদা শিপন, উপজেলা ছাত্রদল সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, জেলা কৃষকদলের সহ-সভাপতি নাছির উদ্দীন হাজারী, ও ছাত্রদল নেতা রাজু আহমেদ প্রমুখ। এছাড়াও অনুষ্ঠানে কসবা উপজেলার ১০ ইউনিয়নের বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।