অবৈধ চোরাচালান ও ড্রেজার ব্যবসায় জড়িত থাকলে দলীয় নেতাকর্মীদেরও ছাড় নয়- মুশফিকুর রহমান এমপি

লোকমান হোসেন পলা
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ মার্চ, ২০২৬
  • ২৩ বার এই সংবাদটি পড়া হয়েছে

কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
বিএনপি চেয়ারম্যানের উপদেষ্টা ও ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসনের সংসদ সদস্য মুশফিকুর রহমান বলেছেন, তার সংসদীয় এলাকায় মাদক চোরাচালান ও অবৈধ ড্রেজার ব্যবসার সঙ্গে কেউ জড়িত থাকলে, সে নিজের দলের নেতাকর্মী হলেও কোনো ছাড় দেওয়া হবে না। বৃহস্পতিবার (৫ মার্চ) দুপুরে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত কসবায় কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, আমি উপজেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশনা দিয়েছি, ছোটখাটো অপরাধীদের পাশাপাশি বড় বড় রাঘববোয়ালদেরও আইনের আওতায় আনতে হবে। দলের হোক বা দলের বাইরের, কোনো অপরাধীকেই ছাড় দেওয়া হবে না।

তিনি আরও জানান, এ বিষয়ে সম্প্রতি তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতা চেয়েছেন। পাশাপাশি স্থানীয় প্রশাসনকে চিঠি দিয়ে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বিরোধী দলীয় চিফ হুইপ ও এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামের অভিযোগ, বর্তমান সরকার রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলো দখল করছে এ বিষয়ে জানতে চাইলে মুশফিকুর রহমান বলেন, সরকার নতুন। তারা সদ্য দায়িত্ব গ্রহণ করেছে। এখন সরকার ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, স্বাস্থ্য কার্ড ও ভিজিএফ কার্ডসহ বিভিন্ন সেবামূলক কার্যক্রম নিয়ে কাজ করছে। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান দখলের অভিযোগের কোনো ভিত্তি নেই।

তিনি বলেন, রাষ্ট্রকে গোছাতে গেলে বিভিন্ন প্রশাসনিক বদলি হতে পারে। তাই দখলের অভিযোগের কোনো অর্থ নেই।

এসময় জেলা বিএনপি সহসভাপতি মুহাম্মদ ইলিয়াস, যুগ্ম সাধারণ সম্পাদক প্রকৌশলী নাজমুল হুদা খন্দকার, সহ-প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. ইকলিল আযম, সদস্য মো. হানিফ খন্দকার, পৌর বিএনপির সভাপতি শরিফুল ইসলাম ভূইয়া, কসবা পৌর বিএনপি সাবেক সভাপতি আশরাফ আলী ও সাবেক উপজেলা ছাত্রদল সভাপতি মেহেদী হাসান রুবেলসহ উপজেলা ও পৌর বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. ছামিউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য মুশফিকুর রহমান।

সভায় তিনি উপজেলার অবকাঠামোগত উন্নয়নসহ সার্বিক উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সংশ্লিষ্ট সকল দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সহযোগিতা কামনা করেন। পাশাপাশি জনগণ যেন সঠিকভাবে সরকারি সেবা পায়, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানান।

মতবিনিময় সভায় বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. তানজিল কবির, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আসাদুজ্জান ভূইয়া, কসবা মহিলা ডিগ্রি কলেজের অধ্যক্ষ মো. তছলিম মিয়া, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. তারেক মাহমুদ, উপজেলা কৃষি কর্মকর্তা আয়েশা আক্তার, কসবা থানার অফিসার ইনচার্জ নাজনীন সুলতানা এবং উপজেলা প্রকৌশলী মাজহারুল হক আকন্দ, সমাজসেবা কর্মকর্তা মো. আলমগীর মিয়া প্রমুখ।

মতবিনিময় সভায় কসবা-আখাউড়া সীমান্ত দিয়ে মাদক চোরাচালান বন্ধে জরুরি ভিত্তিতে কঠোর নজরদারি জোরদার, দায়ীদের শনাক্ত করে আইনের আওতায় আনা এবং সীমান্ত নিরাপত্তা জোরদারের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান সংসদ সদস্য মুশফিকুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ